যৌন হয়রানির শিকার নারী শিক্ষার্থীকে শাবিপ্রবি দায়িত্বরত প্রক্টরের ধমক,অফিসে তালা দিলেন শিক্ষার্থীরা।

Spread the love

শাবিপ্রবি প্রতিনিধি:

যৌন হয়রানির শিকার এক নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী।

জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটে পার্সেল নিতে গিয়ে যৌন হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ভুক্তভোগীর অভিযোগ, পার্সেল গ্রহণের সময় আউটলেটের এক বিক্রয়কর্মী ইচ্ছাকৃতভাবে তাঁর হাত চেপে ধরেন এবং অশালীন আচরণ করেন। তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ওই কর্মী উল্টো তাঁকে ধমক দেন। পরে বিষয়টি আউটলেটের ম্যানেজারকে জানিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনিও তা দেখাতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

এ ঘটনার পর সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন ভুক্তভোগী। তবে তাঁর অভিযোগ, সহযোগিতা না করে প্রক্টর উল্টো বিরক্তি প্রকাশ করেন এবং তাঁকে ধমক দেন। এ সময় প্রক্টর তাঁকে বলেন, “ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? সে কি আমার কোম্পানিতে চাকরি করে? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে? আগে থানায় জিডি করো তারপর প্রক্টর অফিসে অভিযোগ দিতে হবে।”

ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, ঘটনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে প্রক্টরকে জানালেও তাঁর কাছ থেকে সহানুভূতিমূলক আচরণ পাননি। বরং তাঁকে ধমক দেওয়া হয়।

পরবর্তীতে প্রক্টরের সঙ্গে ওই ছাত্রীর কথোপকথন ও তাঁর আচরণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে বুধবার বিকেলেই প্রক্টর কার্যালয়ে গিয়ে জবাবদিহি দাবি করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।

তবে ঘটনার পরদিন বৃহস্পতিবার বিকেলে এর প্রতিবাদে আবারও প্রক্টর কার্যালয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক বেলাল হোসেন শিকদার কারও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *