জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় বাজিমাত ইবি শিক্ষার্থীদের
ইবি প্রতিনিধি
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত “জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা–২০২৫” অনুষ্ঠানে ১ম হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন। শনিবার (৯ মে) সকাল ১০টায় ঢাকার কাকরাইলস্থ আইডিবি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মো: তানজিল হোসাইন, তৃতীয় স্থান অর্জন করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এহসানুল হক নাফিস এবং পঞ্চম স্থান অর্জন করেন আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।
জানা যায়, প্রতিযোগিতায় সারাদেশ থেকে সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিজ্ঞ বিচারকমণ্ডলীর তত্ত্বাবধানে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদিকুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিছবাহুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মু. মহিউদ্দিন আহমদ প্রমূখ।
৩য় স্থান অর্জনকারী এহসানুল হক নাফিস বলেন, আলহামদুলিল্লাহ, মহানবী (সা.)-এর সিরাতের উপর আয়োজিত ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আল্লাহর রাসূলের জীবন ও আদর্শ নিয়ে কথা বলতে পারাটাই আমার জন্য বড় প্রাপ্তি ছিল, আর এই পুরস্কার সেই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
২য় স্থান অর্জনকারী তানজিল হোসাইন বলেন, আল্লাহর অশেষ মেহেরবানি যে, আমাকে এই প্রতিযোগীতায় অংশগ্রহণ ও ২য় স্থান অর্জন করার সৌভাগ্য দান করেছেন। বিজয়ীদের মধ্যে আমরা ৪জন ইবিয়ান, বিষয়টা আনন্দের মাত্রা আরো বৃদ্ধি করেছে। রাসূল (সাঃ) এর সীরাত নিয়ে এমন সুন্দর আয়োজন করায় বাংলাদেশ দাওয়াহ সার্কেলের প্রতি অনেক বেশী কৃতজ্ঞতা রইলো।
১ম হওয়া দেলোয়ার হোসাইন বলেন, এই অর্জন কেবল একটি পুরস্কার নয়, বরং আমার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশাল আমানত। কথার মাঝে আল্লাহ এক অদ্ভুত শক্তি দিয়েছেন, যা মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে। আমার স্বপ্ন আমার প্রতিটি কথা যেন মানুষের অন্তরে ঈমানের স্পন্দন জাগায়, তাদের কুরআন ও সুন্নাহর প্রতি ব্যাকুল করে তোলে। আমি চাই এই পথচলা আরও বিস্তৃত হোক। আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য যেন আল্লাহ আমাকে তাঁর দ্বীনের জন্য কবুল করে নেন।
