
পহেলা বৈশাখ উপলক্ষে ইবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’
ইবি প্রতিনিধি
‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ আগামীর বৈষম্যহীন বাংলাদেশ ’ স্লোগানকে সামনে রেখে ইবিতে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে নববর্ষের সংগীত ও ঢাক-ঢোল পিটিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সমাপ্ত হয়।
এসময় শিক্ষার্থীরা গ্রাম বাংলার কৃষ্ঠি রং-বেরংয়ের মুখোশ, পাখি ও বৈশাখী ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নেতৃত্বে রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ইউট্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বৈশাখের দ্বিতীয় দিন হলেও আজকে আমরা বৈশাখ উদযাপন করছি। নতুন দিনে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি। পহেলা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিন, এই উদযাপনটি বাঙালির আবহমান কাল ধরে চলে আসছে। এটা আমাদের সংস্কৃতির অঙ্গ, আমাদের জীবনের অঙ্গ। আমাদের জীবনের রুক্ষতা, আমাদের জীবনের শুষ্কতা, আমাদের জীবনের ভালোবাসা, প্রেম, মায়া, মমতা সবকিছুর সাথেই বৈশাখ জড়িত।”





