চাকসুর উদ্যােগে ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং লিগ্যাল এমপাওয়ারম্যান্ট বাংলাদেশ (এলইবি)-এর উদ্যােগে প্রকাশিত আইন বিষয়ক ম্যাগাজিন “আইনের আলো”-এর মোড়ক উন্মোচন আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল আবেদীন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন ও চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বক্তব্যে বলেন, “আমরা অনেক সময় আইনকে খুব কঠিন বিষয় হিসেবে দেখি। কিন্তু বাস্তব জীবনে আমাদের নানা ধরনের আইনি সমস্যার মুখোমুখি হতে হয়। কারও মোবাইল ফোন চুরি হলে কী করতে হবে, পুলিশি হয়রানির শিকার হলে কোথায় যেতে হবে, কেউ ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচার করলে কীভাবে প্রতিকার পাওয়া যায়, জায়গা-জমি নিয়ে সমস্যা হলে কী ধরনের আইনি পদক্ষেপ নিতে হবে—এসব বিষয় একজন সাধারণ মানুষের জানা প্রয়োজন। এই বইটি সেই জায়গায় শিক্ষার্থীদের জন্য এক ধরনের ‘ফার্স্ট এইড অব ল’ হিসেবে কাজ করতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা সকলের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে চাই। শিক্ষা ও গবেষণায় মানসম্মত একটি বিশ্ববিদ্যালয় গড়তে চাই।” তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এই বইয়ে সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং মৌলিক আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।
