কুবিতে ‘সুস্থ ধারার’ ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবি জাতীয় ছাত্রশক্তির
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেছে জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ‘ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা’ তুলে ধরা হয়।
সংগঠনটির কর্মপরিকল্পনায় ছাত্রসংসদকেন্দ্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা, নিয়মিত পাঠচক্র, খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি আধুনিক স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব কার্যক্রম পরিচালনায় ছয়টি সেল—পাঠচক্র, ক্রীড়া, বিতর্ক, সাংস্কৃতিক, ধর্মীয় ও আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেল—গঠনের কথা জানিয়েছে সংগঠনটি।
শিক্ষার্থীদের অধিকার নিয়ে সংগঠনটি লাইব্রেরি সংস্কার, ল্যাবের আধুনিকায়ন ও ত্রুটিপূর্ণ সরঞ্জাম মেরামত, শিক্ষক সংকট নিরসন এবং ভর্তি ফি কমানোর দাবি জানিয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য কমনরুম, প্রার্থনাকক্ষ, ডে-কেয়ার ও মাতৃত্বকালীন ছুটির সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া নতুন ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত চালু, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ, পরিবহন ব্যবস্থার সংস্কার এবং ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সংগঠনটি।
জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক ও কুবি শাখার সদস্য নাইম ভূঁইয়া বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গাড়া-চমচার বিনিময়ে রাজনৈতিক কর্মী তৈরির জায়গা হিসেবে দেখতে চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয় থেকে আগামীর বাংলাদেশের সংবিধানপ্রণেতা, আইনপ্রণেতা, সচিব, মন্ত্রী ও রাষ্ট্রনায়ক তৈরি হোক। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কাজ করব।”
মুখ্য সংগঠক আরিফুল ইসলাম রনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরও ক্যাম্পাসে পুরোনো ধরনের রাজনীতি বিদ্যমান। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, পাঠচক্র ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে চাই। পাঠচক্রের মাধ্যমে দেশ ও রাজনীতি সম্পর্কে জ্ঞানচর্চা করে জাতীয় পর্যায়ের নেতৃত্ব তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।”
সদস্যসচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, “হলের সিট রাজনৈতিক পরিচয় বা মিছিল-মিটিংয়ের বিনিময়ে নয়, স্বচ্ছ মেধাভিত্তিক পদ্ধতিতে বণ্টন করতে হবে। পাশাপাশি নিরাপদ আবাসিক পরিবেশ ও শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় একটি স্থায়ী ‘শিক্ষার্থী চিকিৎসা সহায়তা ট্রাস্ট’ গঠনের প্রয়োজন রয়েছে।”

উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে নিলয় বড়ুয়াকে আহ্বায়ক ও সৈয়দা নাজিফা নাফিলকে সদস্যসচিব করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনাও দেওয়া হয়।
