কুবিতে ৪০২ শিক্ষার্থী পাচ্ছেন ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

Spread the love

কুবিতে ৪০২ শিক্ষার্থী পাচ্ছেন ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা প্রদান করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০২ জন শিক্ষার্থী এই আর্থিক সহায়তা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত ‘মেধাবৃত্তি ও অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডের পরিসংখ্যান’ থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০৮ জন শিক্ষার্থী মেধাবৃত্তির আওতায় ১৬ লাখ ৬১ হাজার ৫০০ টাকা পাবেন। অন্যদিকে ১৮২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী স্টাইপেন্ড হিসেবে পাবেন ১৩ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়াও ১২ জন শিক্ষার্থী স্পোর্টস স্কলারশিপ হিসেবে ১ লাখ ২ হাজার টাকা পাবেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ব্যবস্থাপনা শিক্ষা ও মার্কেটিং বিভাগে সর্বোচ্চ ১৪ জন করে শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। ইংরেজি, আইন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ১৩ জন করে, গণিত বিভাগে ১২ জন, পরিসংখ্যান ও এআইএস বিভাগে ১১ জন করে, রসায়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সিএসই ও আইসিটি বিভাগে ১০ জন করে এবং পদার্থবিজ্ঞান, ফার্মেসি, বাংলা, লোক প্রশাসন ও নৃবিজ্ঞান বিভাগে ৯ জন করে শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন।

অন্যদিকে, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডের ক্ষেত্রে গণিত, পরিসংখ্যান, রসায়ন, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, এআইএস, ব্যবস্থাপনা শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং আইন বিভাগে ১০ জন করে শিক্ষার্থী স্টাইপেন্ড পেয়েছেন। পদার্থবিজ্ঞান ও সিএসই বিভাগে ৯ জন করে এবং ফার্মেসি, প্রত্নতত্ত্ব ও আইসিটি বিভাগে ৮ জন করে শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

মেধাবৃত্তির অর্থের মধ্যে প্রথম স্থান অধিকারীরা জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীরা ৮ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীরা ৭ হাজার ৫০০ টাকা করে পাবেন। অন্যদিকে, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৭ হাজার ৫০০ টাকা এবং স্পোর্টস স্কলারশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৮ হাজার ৫০০ টাকা করে পাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করীম চৌধুরী বলেন, “আমরা তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ বৃত্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতি অর্থবছরে এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, এসব বৃত্তি ও স্টাইপেন্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *