
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৮ এপ্রিল) ভোর ৪টার দিকে সময় টিভির সাংবাদিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিন আবিরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেফতার করা হয়। এর আগে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে একই ঘটনায় জড়িত এবং পূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত নাঈমকে আটক করা হয়।
জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি উঠেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এক ফেসবুক পোস্টে বলেন, “আমি সব সময় বলে এসেছি অন্যায়, অবিচার ও অপরাধের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স ছিল, আছে এবং থাকবে ইন শা আল্লাহ।”
তিনি আরও বলেন, “অপরাধীর অপরাধী ব্যতীত আর কোনো পরিচয় নেই। বিচার সুনিশ্চিত করা হবে ইন শা আল্লাহ।”
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।





