‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ১

Spread the love


‎
‎কুবি প্রতিনিধি:
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় এলাকার এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
‎
‎আহত অটোরিকশাচালকের নাম সুজন (৩২)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এ ঘটনায় এক নারী শিক্ষার্থীও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাঁর পরিচয় ও আঘাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। পরে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎
‎ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুর্বৃত্তরা বারুদ দিয়ে তৈরি ককটেল বিস্ফোরণ ঘটায়। ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করব এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করব।’


‎
‎প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *