বিশ্ব ডাক দিবসে কুবিতে ‘চিঠি উৎসব’ থাকছে ফ্রি চিঠি ও মেডিকেল ক্যাম্প
কুবি প্রতিনিধি:
বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী রবিবার (১১ অক্টোবর) ‘চিঠি উৎসব’-এর আয়োজন করা হয়েছে। কুমিল্লা পোস্টাল ডিভিশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে চিঠি ইস্যু, কপি হাউস ও মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন আয়োজন থাকছে।
উৎসবের প্রতিপাদ্য ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। পাশাপাশি ‘আসুন, চিঠি লিখি, সম্পর্ক গড়ি’ এবং ‘একটি চিঠি, একটি হাসি, একটি সুন্দর আগামী’ স্লোগানের মাধ্যমে চিঠি লেখার ঐতিহ্য ও মানুষের মধ্যে যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে চিঠি ইস্যু, ফ্রি কপি হাউস ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে। এ ছাড়া থাকছে ‘অপ্রতীম স্টল’, ফিলাটেলিস্ট বুথ এবং আকর্ষণীয় সেলফি কর্নার।

এ বিষয়ে কুবি ডাকঘরের সাব-পোস্টমাস্টার ফারহানা শারমিন লিজা বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল যোগাযোগের প্রসার ঘটলেও চিঠির আবেদন ও আবেগ এখনো স্বতন্ত্র। শিক্ষার্থীদের মধ্যে চিঠি লেখার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ডাক বিভাগের সেবার সঙ্গে তাদের পরিচিত করতেই এ আয়োজন। আমরা আশা করছি, এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা চিঠি লেখায় আগ্রহী হবে এবং ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবে।”
