রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন
মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত সাংবাদিকরা।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন বলেন, গলা চেপে ধরে ও মাথায় আঘাত করে যেভাবে হামলা চালানো হয়েছে, তা ন্যক্কারজনক। জড়িতদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্যাম্পাসে এ ধরনের ঘটনা না ঘটে।
বেরোবিসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলক বলেন, সাংবাদিকদের কলম হামলা-মামলা করে থামানো যায় না। সাংবাদিকরা কোনো দলের পক্ষে নন; তাঁরা অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে চাইলে গণমাধ্যমকে টার্গেট করে। কারণ গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করতে পারলেই তাদের স্বার্থ হাসিলের পথ সহজ হয়।

মানববন্ধনে বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন, সাধারণ সম্পাদক সাকিব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত ইসলাম, বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের জায়েদ, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#
