কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

Spread the love

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিমকে শুভেচ্ছা জানিয়েছে শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের দপ্তরে সংগঠন দুটির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া। আজ সেই প্রত্যাশা পূরণ হয়েছে। অধ্যাপক ড. এম এম শরিফুল করিম স্যার আমার বিভাগের শিক্ষক। আমি আমার বিভাগের পক্ষ থেকে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান শিক্ষক। আশা করি, তিনি শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন এবং সবার মতামতকে গুরুত্ব দেবেন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আরও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।”

এদিকে শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিভাগীয় বিভিন্ন সমস্যা সমাধানে স্যার যেভাবে কাজ করেছেন, তাতে আমরা আশাবাদী যে তিনি তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান করবেন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন। শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকেও তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এম এম শরিফুল করিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের আগ পর্যন্ত—যেটি আগে হবে—তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ছবি: বামে শাখা ছাত্রদল এবং ডানে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *