আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবির দাপট

Spread the love

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবির দাপট

যবিপ্রবি প্রতিনিধি:

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে। ছেলে ও মেয়ে—দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

ছেলেদের ইভেন্টে যবিপ্রবির আধিপত্য ছিল স্পষ্ট। শাহরিয়ার আহমেদ একাই তিনটি পদক জিতে দলকে এগিয়ে নেন—৪০০ মিটার দৌড়ে স্বর্ণ, ৪০০ মিটার হার্ডেলসে রৌপ্য এবং ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ। স্প্রিন্টে মারুফ হাসান শাওন ২০০ মিটারে স্বর্ণ ও ১০০ মিটারে রৌপ্য পদক অর্জন করেন।
সৌরভ বিশ্বাস দীর্ঘ লাফে স্বর্ণ জয়ের পাশাপাশি ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পান। বর্শা নিক্ষেপে আলী আহমেদ স্বর্ণপদক নিশ্চিত করেন। একই সঙ্গে সামিয়া আক্তার সাথী দীর্ঘ লাফে স্বর্ণ এবং ২০০ মিটারে রৌপ্য জিতে দলের স্বর্ণসংখ্যা পাঁচে উন্নীত করেন।

এ ছাড়া রহমত আলী চাকতি নিক্ষেপে এবং রবিন দীর্ঘ লাফে রৌপ্য পদক অর্জন করেন। দলগত প্রতিযোগিতায়ও যবিপ্রবি সাফল্য ধরে রাখে। ৪×১০০ মিটার রিলেতে সৌরভ, মামুন, রবিন ও মারুফ রৌপ্য পদক জেতেন। অন্যদিকে ৪×৪০০ মিটার রিলেতে কাবির, সাব্বির, মারুফ ও শাহরিয়ার ব্রোঞ্জ পদক লাভ করেন।

মেয়েদের বিভাগেও যবিপ্রবির অ্যাথলেটরা প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছেন। আঁখি সুলতানা সাথী ১০০ মিটার হার্ডেলস ও উচ্চ লাফে রৌপ্য এবং দীর্ঘ লাফে ব্রোঞ্জ পদক অর্জন করেন। আইভি আক্তার বর্ষা নিক্ষেপে রৌপ্য ও গোলক নিক্ষেপে ব্রোঞ্জ লাভ করেন। অন্তিকা ৪০০ মিটার দৌড়ে রৌপ্য পদক অর্জন করেন।

দলগত ইভেন্টে মেয়েরা আরও একধাপ এগিয়ে ছিলেন। ৪×১০০ মিটার রিলেতে ফাওজিয়া, সোনিয়া, আঁখি ও সামিয়া এবং ৪×৪০০ মিটার রিলেতে সামিয়া, আঁখি, অন্তিকা ও সোনিয়া—উভয় দলই রৌপ্য পদক জিতে নেয়।

সব মিলিয়ে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে যবিপ্রবি এই প্রতিযোগিতায় শক্ত অবস্থান নিশ্চিত করে এবং গর্বের সঙ্গে সামগ্রিকভাবে রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *