ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায়
ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোলা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন “ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি”র আয়োজনে নবীনবরণ, প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ০৫ মে ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রর (টিএসসিসি) করিডোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন সিফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম শামীমের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. অলি উল্লাহ। এমসয় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন নোমান, আরিফ জুমান, মুসা কালিমুল্লাহ শাকিল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাসেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রাণবন্ত খেলাধুলার আয়োজন। যেখানে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। খেলাধুলার মাধ্যমে নবীন ও প্রবীণদের মাঝে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন,“আমরা ভোলা জেলার সন্তান। দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে পড়াশোনার জন্য গিয়ে আমরা জেলা কল্যাণের মাধ্যমে নিজেদের পরিচিতি গড়ে তুলি। তাই দল-মত ও রাজনৈতিক আদর্শকে একপাশে রেখে সকলের কল্যাণে কাজ করতে হবে। প্রতিহিংসাপরায়ণ আচরণ থেকে বিরত থাকলেই আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।”
সভাপতি বিন ইয়ামিন সিফাত বলেন,“আমাদের জেলার শিক্ষার্থীদের আন্তরিকতা অন্যান্য জেলার তুলনায় অনন্য। ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইবি শাখা ইতোমধ্যে ভালো কার্যক্রম পরিচালনা করেছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো কাজ করবে। পরবর্তী কমিটির দায়িত্বশীলরা জেলার স্বকীয়তা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে।”
সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. অলি উল্লাহ বলেন,“আমরা দ্বীপ জেলার সন্তান। আমাদের আঞ্চলিক পরিচয় স্বতন্ত্র হলেও আমাদের ভ্রাতৃত্ব এক ও অভিন্ন। আশা করি, আমাদের জেলা কল্যাণ সমিতি তার স্বকীয়তা বজায় রেখে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবে এবং এটিকে রাজনীতিমুক্ত রাখবে।”
