ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির ‘নবীনবরণ ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন (আজহারী)। এছাড়া সদ্য বিদায়ী সভাপতি জায়েদ হোসেন, সহ-সভাপতি মামুন, অর্থ সম্পাদক রিয়াজ আহমেদ সহ ইবিতে অধ্যয়নরত চট্টগ্রাম জেলা থেকে আসা বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এছাড়া হাড়ি ভাঙ্গা, গোল স্কোর সহ বিভিন্ন খেলার আয়োজন করে তারা। চট্টগ্রামের নানা ধরনের আঞ্চলিক সংস্কৃতি ও গানের আয়োজন করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে নবীন এক শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বলেন, চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি ইবির মধ্যে চট্টগ্রামের মানুষের ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ। চট্টগ্রাম থেকে বহুদূরে ইবিতে আজকে একত্রিত হয়ে নিজের একটি পরিবার পেয়ে খুবই আনন্দিত।
সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, আজকে যে আমরা একত্রিত হলাম তার মধ্যমে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। ক্যাম্পাসে চলার পথে পারস্পরিক সহযোগিতা করে চলবো। চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি ইবির বুকে অনন্য উদাহরণ হয়ে থাকবে।
