বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন

Spread the love

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষে গোপন তৎপরতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাত শিক্ষকের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সাড়ে তিন মাসেও জমা পড়েনি। গত ৬ আগস্ট কমিটি গঠনের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তের অগ্রগতি ও প্রতিবেদন জমার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এতে তদন্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সাত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে গত ৬ আগস্ট পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে গঠিত কমিটির আহ্বায়ক করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার মোছা. রেহেনা আক্তার মনিকে।

কমিটির অন্য সদস্যরা হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউর রহমান।

অভিযোগের তালিকায় রয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদ মন্ডল, গণিত বিভাগের ড. মশিউর রহমান, অধ্যাপক ড. আয়েশা আকতার আঁখি, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, জেড উদ্দিন, দেবু পিকে (সাংকেতিক নাম) এবং এসকে বি (সাংকেতিক নাম)। তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার মোছা. রেহেনা আক্তার মনি বলেন, সারাদেশে এ ধরনের তদন্ত কমিটিগুলোর কার্যক্রম স্থগিত চেয়ে একটি রিট পিটিশন করা হয়েছিল।

কমিটির কার্যক্রম বর্তমানে চলছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, রিট পিটিশনের কারণে কমিটির কার্যক্রম চলছে না। তবে এ বিষয়ে কমিটির আহ্বায়কের সঙ্গে কথা বলতে পারেন।’

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. তানজিউল ইসলাম জীবন বলেন, ‘এটি একটি জটিল প্রক্রিয়া। আমরা পত্রিকা, গণমাধ্যমসহ বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তদন্তের জন্য পাঠিয়েছি। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেব।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন এখনো আমাদের হাতে পৌঁছায়নি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য রিমাইন্ডার দেওয়া হবে।’

তবে কমিটির কার্যক্রম স্থগিত থাকার বিষয়ে উত্থাপিত রিট পিটিশনের বর্তমান অবস্থা এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্যে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সাত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *