‎কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

Spread the love

‎
‎কুবি প্রতিনিধি।।
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম ফাতেমাকে ধর্ষণ ও হত্যার দায়ে মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
‎
‎রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। তবে উচ্চ আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।
‎


‎মামলার বিবরণ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মাকে হত্যা করা হয়। ঘটনার দিন ঝাড়ফুঁকের কথা বলে ওই বাসায় যান মোবারক হোসেন। পরে সুমাইয়াকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করেন তিনি। হত্যাকাণ্ডটি দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকেও গলা টিপে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
‎
‎এ ঘটনায় ৯ সেপ্টেম্বর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন সুমাইয়ার ভাই মো. তাজুল ইসলাম। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।
‎
‎মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ১৬ আগস্ট আদালত মামলাটি আমলে নেন এবং ২০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৩১ আগস্ট থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। ১২ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ১৯ অক্টোবর আসামির পরীক্ষা এবং ২৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
‎
‎রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার বলেন, সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় আসামিকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, তাহমিনা বেগমকে হত্যার দায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎তিনি বলেন, মামলাটি আদালতে আসার পর অভিযোগ গঠন থেকে রায় ঘোষণা পর্যন্ত ২ মাস ১৫ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং আসামিপক্ষের আইনজীবী তাঁদের জেরা করেছেন। উভয় পক্ষের বক্তব্য ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।
‎
‎রায়ের পর সুমাইয়ার ভাই ও মামলার বাদী মো. তাজুল ইসলাম বলেন, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ থেকে তাঁরা প্রাথমিকভাবে ন্যায়বিচার পেয়েছেন। তবে মৃত্যুদণ্ডের রায়ের পর ডেথ রেফারেন্স ও উচ্চ আদালতের বিচারিক প্রক্রিয়া বাকি রয়েছে। এসব প্রক্রিয়া শেষে দ্রুত সাজা কার্যকরের প্রত্যাশা করেন তিনি। উচ্চ আদালতেও ন্যায়বিচার পাবেন এবং মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‎
‎সুমাইয়ার সহপাঠী ও লোকপ্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সামিউন সোলতানা ঐশী বলেন, এ রায় তাঁদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। শুরু থেকেই তাঁরা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। এখন তাঁদের প্রত্যাশা, উচ্চ আদালতের প্রক্রিয়া শেষে দ্রুত সাজা কার্যকর হবে। ক্যাম্পাসে থাকতেই যেন তাঁরা তাঁদের সহপাঠীর হত্যাকারীর শাস্তি কার্যকর হতে দেখে যেতে পারেন।


‎
‎একই বিভাগের সহপাঠী নুরানী শেখ বলেন, আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট। তবে আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে যেন সাজা কার্যকরে বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সময়ের ফাঁকফোকর দিয়ে আসামি যেন কোনোভাবে শাস্তি থেকে রেহাই না পান, সেটিই তাঁদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *