যবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটির আহ্বান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমগীর হোসেন, যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০০৬ সালের ৫ই অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক স্থাপিত ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির নিকট সাক্ষ্য ও বক্তব্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ যথাযোগ্য মর্যাদায় ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উদযাপিত হচ্ছে।
২০০৬ সালের এই দিনে (৫ই অক্টোবর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। কিন্তু সম্প্রতি সেই ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর ভাঙচুরের ঘটনা ঘটে, যা ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ ন্যাক্কারজনক ভাঙচুরের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত ওই তদন্ত কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে তাদের কাছে ঘটনার বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য, সাক্ষ্য ও বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।
এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস এবং মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। আজ কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, তদন্ত কমিটির মাধ্যমে ভিত্তিপ্রস্তর ভাঙচুরের প্রকৃত রহস্য উন্মোচিত হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।
