সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে শাবপ্রবিতে মহানবী ﷺ-এর জীবনাদর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে শাবপ্রবিতে মহানবী ﷺ-এর জীবনাদর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) “সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ডিভাইন স্পেকট্রাম সাস্ট (ডিএসএস)-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়ার সভাপতিত্বে এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নুর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনযুর-উল-হায়দার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডিএসএসের রিলিজিয়াস উইংয়ের ডিরেক্টর ও ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন আয়োজক উপকমিটির কনভেনর মোহাম্মদ আনিস খান। এরপর নাতে মোস্তফা ﷺ পাঠ করেন রিহান রেজা। স্বাগত বক্তব্য দেন ডিএসএসের প্রেসিডেন্ট মো. মহিউল ইসলাম।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অনুসরণের মাধ্যমে বর্তমান সমাজে বিদ্যমান নৈতিক ও সামাজিক অবক্ষয় মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় ‘সীরাত নলেজ হান্ট ২০২৬’ কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এর কো-কনভেনর আ. ও. ম. ফোরকানুল গণি জিহান। প্রতিযোগিতায় প্রথম ১০ স্থান অধিকারীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীকে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এছাড়া প্রথম থেকে দশম স্থান অধিকারী সবাইকে সার্টিফিকেট ও বই পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও অফলাইন ও অনলাইন ক্যাটাগরিতে প্রথম রেজিস্ট্রেশনকারী দুজন এবং পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিশেষ বিবেচনায় আরও তিনজনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে পবিত্র কিয়াম শরীফ পাঠ ও দোয়া পরিচালনা করেন খাজা মঈনুদ্দিন আহমেদ জালালাবাদী। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে বিশেষ তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অন্যান্য অতিথি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *