বুটেক্স সাহিত্য সংসদের নেতৃত্বে অতুলন ও অরণ্য

Spread the love

বুটেক্স সাহিত্য সংসদের নেতৃত্বে অতুলন ও অরণ্য

সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাহিত্য সংসদের আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থী অতুলন ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী অরণ্য দাশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্লাবের মডারেটর বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাজিদ এলাহি, সাবেক সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সাঈদ এবং সাবেক সাধারণ সম্পাদক প্রদ্যুত্ম পুরোহিত প্রত্যয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুহায়ের আখতার সম্প্রীতি, অপূর্ব চৌধুরী, মারুফ আহমেদ ও তাসনুভা ফিরোজ। অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দেবরাজ মজুমদার, সারোয়ার হোসেন সামি, উৎস কারণ ও প্রণয় মন্ডল। কমিটিতে থিয়েটার পরিচালক হিসেবে ফারাব মাহবুব চৌধুরী এবং গ্রন্থাগার পরিচালক হিসেবে সৈয়দ মাহমুদ হাসান মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুভূতি ব্যক্ত করে নবগঠিত কমিটির সভাপতি অতুলন ভট্টাচার্য্য দায়িত্ব পাওয়ায় ক্লাবের সাবেক সদস্য, সিনিয়র, সহপাঠী ও বর্তমান সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রথম বর্ষ থেকেই আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত। বিভিন্ন অনুষ্ঠানে কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে আমার অভিজ্ঞতা ও পথচলা সমৃদ্ধ হয়েছে। সেই পথচলার অন্তিম লগ্নে এসে সভাপতির দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আশা করি, আগামীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে মুক্ত জ্ঞানচর্চা, সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশের ধারাকে অব্যাহত রাখতে পারব। আমাদের পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে অফলাইন ও অনলাইন উভয় ক্ষেত্রেই নিত্যনতুন কাজ করার।”

অন্যদিকে, সাধারণ সম্পাদক অরণ্য দাশ বলেন, “বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে বুটেক্স সাহিত্য সংসদের সঙ্গে যুক্ত হই। সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবটি আমার কাছে একটি আবেগের জায়গায় পরিণত হয়েছে। একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক চাপ ও নানা ব্যস্ততার মধ্যে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চা করা তুলনামূলকভাবে কঠিন। বুটেক্স সাহিত্য সংসদ সবসময়ই চেষ্টা করে আসছে এই ব্যস্ততার মধ্যেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননের বিকাশে কাজ করতে।”

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নবগঠিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *