শাবিপ্রবি ও যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Spread the love

শাবিপ্রবি প্রতিনিধি:

শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ে যৌথ সহযোগিতা জোরদারের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের (University of Westminster) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় শাবিপ্রবির প্রশাসনিক ভবন-১-এর ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শাবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডেপুটি ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল এনগেজমেন্ট অ্যান্ড এমপ্লয়েবিলিটি) অধ্যাপক দিবেশ আনন্দ (Prof. Dibyesh Anand) ও স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট ডিরেক্টর অধ্যাপক ড. জিউলিও ভারদিনি (Prof. Dr. Giulio Verdini) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি ওয়ার্কশপ, ফিল্ড ট্রিপ, সামার স্কুল, শর্ট কোর্স ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে।

এ ছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রকল্পভিত্তিক শিক্ষার সুযোগ সৃষ্টি এবং ক্রেডিট ট্রান্সফার ও ডিগ্রি পাথওয়ে, বিশেষ করে ১+১ ডিগ্রি সুবিধা চালুর সম্ভাবনা অনুসন্ধান করা হবে।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শাবিপ্রবির আন্তর্জাতিক একাডেমিক অঙ্গনে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, উচ্চশিক্ষা ও জ্ঞান বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল হামিদ, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, আর্কিটেকচার বিভাগের প্রধান স্থপতি ইফতেখার রহমান এবং রেজিস্ট্রার (ইনচার্জ) কালাম আহমদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *