রাবিপ্রবিতে পিডির দুর্নীতি ও সাবেক ভিসির আমলের অনিয়মের তদন্ত চায় ছাত্রদল
রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) বর্তমান ভারপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টর (পিডি)-এর বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্ত এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমানের সময়কালের যাবতীয় নিয়োগ ও আর্থিক কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে রাবিপ্রবি ছাত্রদল।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সংগঠনটির দপ্তরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাবিপ্রবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি জনগণের অর্থে পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয়ের অর্থ, নিয়োগ, উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কর্মকাণ্ডে যেকোনো দুর্নীতি বা অনিয়ম পরিহার করা জরুরি।
সেইসাথে ছাত্রদলের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয় – বর্তমান পিডির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দ্রুত তদন্ত রিপোর্ট প্রদান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমানের দায়িত্বকালীন সব গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া তদন্তের আওতায় এনে তদন্ত কমিটি গঠন, তৎকালীন সময়ে বাস্তবায়িত ও চলমান সব উন্নয়ন প্রকল্প, নির্মাণকাজ এবং ক্রয়প্রক্রিয়ার পূর্ণাঙ্গ আর্থিক অডিট তৈরী সহ, তদন্তে অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে বলা হয়।
এছাড়া, বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয় যে সামাজিক যোগাযোগমাধ্যমে রাবিপ্রবি ছাত্রদলকে জড়িয়ে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করে তাদের নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। রাবিপ্রবি ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিজ্ঞপ্তিতে, বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে রাবিপ্রবি ছাত্রদল সবসময় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবে বলে জানানো হয়।

