মো: তানজীম আব্দুল্লাহ-খুকৃবি প্রতিনিধি।
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সামাজিক উদ্যোক্তা হওয়ার দক্ষতা বিকাশের লক্ষ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বিশ্বখ্যাত শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ (Hult Prize)-এর এবারের আসরের প্রথম ইনফো সেশন (Info Session) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস রুমে আয়োজিত এই প্রাণবন্ত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সেশনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন ‘হাল্ট প্রাইজ অ্যাট খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি’-এর কো-অর্ডিনেটর রাফিউজ্জামান ফাহিম এবং ডেপুটি কো-অর্ডিনেটর নসরুল করিম আকাশ। তাঁরা তাঁদের বক্তব্যে হাল্ট প্রাইজের মূল লক্ষ্য, উদ্দেশ্য, বৈশ্বিক কার্যক্রম এবং এবারের আসরে অংশগ্রহণের নিয়মাবলি ও কৌশলগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় আয়োজক কমিটির বিভিন্ন টিমের প্রধানরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক ও বৈশ্বিক বিভিন্ন সমস্যার টেকসই ব্যবসায়িক সমাধান বের করার বিষয়ে উৎসাহিত করা হয়। পাশাপাশি এবারের আসরের ধাপসমূহ ও অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের স্পষ্ট ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, এবারের আসরের অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের (Abstract Submission) শেষ তারিখ চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং মূল অন-ক্যাম্পাস প্রোগ্রাম (On-Campus Program) আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ‘শিক্ষার্থীদের নোবেল খ্যাত’ হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা বিশ্বের শতাধিক দেশের তরুণদের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা তৈরি এবং সেগুলোকে বাস্তব স্টার্টআপে রূপ দিতে অনুপ্রাণিত করে।
