পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ক্লারিয়ন কলের একাডেমিক এক্সিলেন্স এওয়ার্ড প্রদান।

Spread the love

পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ক্লারিয়ন কলের একাডেমিক এক্সিলেন্স এওয়ার্ড প্রদান।

জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিন ক্লারিয়ন কলের উদ্যোগে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘৪র্থ ক্লারিয়ন কল ও-লেভেল ও এ-লেভেল একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজধানীর স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল সমূহের সেরা ফলাফল অর্জনকারী পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার, স্মারক, সনদ ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের দায়িত্ববান পিতামাতা সমাজের জন্য আশীর্বাদ। তাঁরা শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে ভালো বন্ধু। আমাদের বড় হয়ে ওঠার পেছনে সমাজের অনেক মানুষের অবদান রয়েছে। আগামীর শিক্ষার্থীদেরও সমাজের জন্য অবদান রাখতে হবে। জীবনে বড় হতে হলে অনেক কিছু শিখতে হবে, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। সেই সঙ্গে জ্ঞান ও বাস্তব কাজের মধ্যে সম্পর্ক রাখতে হবে। নিজের পছন্দের কাজ করতে হবে, তবে সবার কল্যাণের বিষয়টিও মাথায় রাখা চাই।”

যায়েদ রুসাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লারিয়ন কলের নির্বাহী সম্পাদক সাদ বিন হুসেইন, তিনি বলেন, “মেধাবীদের সম্মাননা জানানো এবং জ্ঞানচর্চার পৃষ্ঠপোষকতা করাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা আশাবাদী, নতুন প্রজন্ম নতুন পৃথিবীতে নবউদ্যমে এগিয়ে যাবে এবং বিশ্বমঞ্চে নিজেদের ও দেশের মুখ উজ্জ্বল করবে। বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু অংশগ্রহণ নয়, মেধা, দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সাবেক ডিন ড. এ. কে. এম. ওয়ারেসুল করিম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার এ বি এম গোলাম মোস্তফা, এলডিএমসি, পিএসসি।

এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবক, ক্লারিয়ন কলের কর্মকর্তা ও বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির যৌথ স্পনসর ছিল রেটিনা, ইস্তাম্বুল হোটেল, এডুমেক্স কনসালটেন্সি, জেনজি ও সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (এসএসডি)।

২০২৩ সাল থেকে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়ে আসছে ক্লারিয়ন কল। ‘Share your views, change the world’ স্লোগানকে ধারণ করে ম্যাগাজিনটি কিশোর ও তরুণদের বিকাশ ও ক্ষমতায়নে কাজ করছে। ম্যাগাজিন প্রকাশনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো আয়োজনটির চতুর্থ পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *