জুলাই স্মরণে এসএসডির আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট
জুলাই স্মরণে যুব ও সামাজিক সংগঠন সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (এসএসডি) আয়োজন করেছে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী এ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আফতাবনগরের ফোস্টাল হাইভে।
আঞ্চলিক পর্যায়ে রাজধানীর ইংলিশ মিডিয়াম ও ভার্সন কারিকুলামের ৪১টি স্কুল আটটি ভেন্যুতে প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য আটটি দল নির্বাচিত হয়। চূড়ান্ত খেলায় উত্তরার তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন এবং গুলশানের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল রানারআপ হয়।
প্রতিযোগিতায় মোট ৩০ হাজার টাকা প্রাইজমানি ছাড়াও ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিন ক্লারিয়ন কল এ আয়োজনে স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনোভা টকের সঞ্চালক ও মানারাত স্কুল উত্তরার শিক্ষক লুৎফুর রহমান ভূইয়া। তিনি বলেন, “আমাদের সবার জুলাইকে ধারণ করতে হবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এর চেতনাকে বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন ও সবার জন্য সুন্দর একটি সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সবাইকে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।”
এসএসডির সভাপতি বাবর তালুকদার বলেন, “সুস্থ দেহে সুন্দর মন। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নিয়মকানুনের চর্চা এবং নেতৃত্ব বিকাশের অবারিত সুযোগ তৈরি হয়। জুলাইয়ের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে আজকের এই আয়োজন।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ ছাড়াও এসএসডির বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রতিনিধিরা ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

