ইবি শিক্ষার্থীর মায়ের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন ২০ লাখ টাকা, চাইলেন সহযোগিতা

Spread the love

ইবি শিক্ষার্থীর মায়ের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন ২০ লাখ টাকা, চাইলেন সহযোগিতা

ইবি প্রতিনিধি:
লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন। মায়ের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার।

এত টাকা জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার। মাকে বাঁচাতে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আকুতি জানিয়েছেন এই শিক্ষার্থী।

শাহরিয়ার ইবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কুষ্টিয়া পৌরসভার মিলপাড়ার মোহিনী মোহন চক্রবর্তী সড়কের স্থায়ী বাসিন্দা তিনি। বাবাহীন সংসারে মা, ভাই-বোন ও নানীকে নিয়ে বসবাস শাহরিয়ারের। টিউশনির সামান্য আয়ই পরিবারটির একমাত্র ভরসা।

পরিবার সূত্রে জানানো হয়, তার মা’কে গত
আগস্টের শুরুতে দুর্বলতা ও শ্বাসকষ্ট নিয়ে প্রথমে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে পরীক্ষায় ফ্যাটি লিভার-জনিত (মাশ) লিভার সিরোসিস ধরা পড়ে। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ২৭ আগস্ট রক্তবমি, কালো পায়খানা ও পেট ফোলা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। লিভার সিরোসিসের পাশাপাশি তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপোথাইরয়েডিজম ও অ্যাজমায় ভুগছেন। সর্বশেষ অক্টোবরের শুরুতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে।

শাহরিয়ার বলেন, “বাবা না থাকায় সংসারের সমস্ত খরচ আমার ও আমার বোনের টিউশনির টাকায় চলছে। এই মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য এত টাকা বহন করার সক্ষমতা আমাদের নেই। হাসপাতাল থেকে জানানো হয়েছিলো, অস্ত্রোপচারের খরচ সরকার বহন করলেও আনুষঙ্গিক অন্য সব ব্যয় পরিবারকে বহন করতে হবে যেখানে, আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। এই বিপুল অর্থ জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।”

শাহরিয়ার আরও বলেন, “মায়ের জীবন বাঁচাতে সময়মতো ট্রান্সপ্লান্ট অত্যন্ত জরুরি। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু চিকিৎসার ব্যয় আমাদের সামর্থ্যের বাইরে। তাই সকলের সহযোগিতা প্রয়োজন।”

সহযোগিতা পাঠানোর মাধ্যম: বিকাশ/নগদ: ০১৯০৯-৩৯৫৫৬৬ ব্যাংক: ডাচ-বাংলা ব্যাংক, হিসাব নম্বর: ১৬৮১০৫০৪০৭৪৯৫, রাউটিং নম্বর: ০৯০৫০০৯৪৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *