অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ

Spread the love

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ

কুবি প্রতিনিধি:

কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

এ সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’, ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’, ‘আজকে অপ্রতিম, কালকে কার পালা’।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতিতে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই তাকে দাফন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা এলাকায় একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতীমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি কোটবাড়ি-গন্ধমতী এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতীমের মায়ের আইফোন উদ্ধার করেছে পুলিশ। তুহিনের সঙ্গে আনাস ও ফাহিমকেও আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *