কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

Spread the love

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন দুই সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেন এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার।

রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের স্থলে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তারকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, উভয় শিক্ষকই যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে সহকারী অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করার জন্য। একই সঙ্গে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। বিশেষ করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের প্রত্যাশা ও নির্দেশনা অনুযায়ী সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে চাই। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ বিষয়ে সহকারী অধ্যাপক হালিমা আক্তার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করাই হবে আমার লক্ষ্য। শিক্ষার্থীদের মতামত ও সমস্যাকে গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া, সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *