রেল ক্রসিং এলাকায় সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলা, উত্তেজনা ক্যাম্পাসে

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

রেল ক্রসিং এলাকায় সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলা, উত্তেজনা ক্যাম্পাসে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় আজ রাত আনুমানিক ১০টার দিকে ফরহাদ হল সংসদের প্রতিনিধি ও সময় টিভির সাংবাদিক জাহিন আবিরসহ সাংবাদিকতা বিভাগের আরও দুইজন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। হামলার পর আহতদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার পরপরই ছাত্র সংসদ (চাকসু)-এর প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারা জানান, হামলাকারীদের বিষয়ে প্রাথমিক তথ্য ও পরিচয় ইতোমধ্যে তাদের কাছে রয়েছে।
চাকসু প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে অথবা তার অভিভাবককে ক্যাম্পাসে হাজির করার দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভুঁঞা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “এভাবে প্রতিনিয়ত শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই আর সহ্য করা হবে না।”
ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *