চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী

Spread the love

সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে চীন সরকার। এর মধ্যে অন্যতম চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিজিএস), যা চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) মাধ্যমে পরিচালিত হয়। এ বৃত্তির আওতায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পান আন্তর্জাতিক শিক্ষার্থীরা। স্কলারশিপের ধরন ও শর্ত অনুযায়ী এতে টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতার সুবিধা অন্তর্ভুক্ত থাকে।

২০২৬–২৭ শিক্ষাবর্ষে এ স্কলারশিপ অর্জন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রাক্তন ৫জন কৃতী শিক্ষার্থী। তাঁদের স্কলারশিপ অর্জনের অভিজ্ঞতা, উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা
নিয়ে বিস্তারিত কথা তুলে ধরেছেন মো. শাহরিয়ার ইসলাম।

মো. জিয়াউর রহমান
বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. জিয়াউর রহমান চীনের সাংহাইয়ে অবস্থিত ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করছেন। তিনি চীন সরকারের ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় এ সুযোগ পেয়েছেন।
স্কলারশিপ পাওয়ার সময় একটি কারখানায় কর্মরত ছিলেন জিয়াউর রহমান। উচ্চশিক্ষার সুযোগের পাশাপাশি মাসিক ভাতার সুবিধা থাকায় এটিকে কর্মজীবন থেকে উচ্চশিক্ষায় যাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখেন তিনি।

নিজের আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জিয়াউর রহমান বলেন, উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ নেওয়ার পর ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করি। ইমেইলের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করেছিলাম। আবেদনের ক্ষেত্রে আইইএলটিএসের স্কোর ও একাডেমিক ফলাফল বিবেচনায় নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

ডংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের সুযোগ-সুবিধা সম্পর্কে জিয়াউর রহমান বলেন, সেখানে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের গবেষণার জন্য অধ্যাপকদের অধীনে পৃথক ল্যাব আছে। এসব ল্যাবে বিভিন্ন ধরনের স্যাম্পল তৈরির যন্ত্রপাতি থাকায় শিক্ষার্থীরা গবেষণার প্রয়োজন অনুযায়ী নমুনা তৈরি করতে পারে।

জিয়াউর রহমানের মতে, বুটেক্সে স্নাতক পর্যায়ে এ ধরনের স্যাম্পল তৈরির যন্ত্রপাতি ও ব্যবহারিক গবেষণার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং গবেষণার দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।

মো. রাকিব হাসান গাজী
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের সাবেকh শিক্ষার্থী মো. রাকিব হাসান গাজী চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন।

স্কলারশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে রাকিব বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমার। আন্তর্জাতিক মানের গবেষণা সুবিধাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

চীনে টেক্সটাইল বিষয়ে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে রাকিব কয়েকটি বিষয়ে গুরুত্ব দেন। রাকিবের মতে, ভালো সিজিপিএ বজায় রাখার পাশাপাশি গবেষণাপত্র, সম্মেলনে প্রকাশনা ও প্রকল্পে কাজের অভিজ্ঞতা আবেদনকে শক্তিশালী করতে পারে। এ ছাড়া পছন্দের বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অধ্যাপকদের গবেষণার ক্ষেত্র সম্পর্কে জেনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো প্রস্তুত রাখা জরুরি।

ভাষাগত দক্ষতার বিষয়ে রাকিব বলেন, ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্সের ক্ষেত্রে আইইএলটিএস বা টোয়েফলের মতো পরীক্ষার স্কোর সুবিধা দিতে পারে। পাশাপাশি প্রাথমিক চীনা ভাষা শেখা দৈনন্দিন জীবন ও যোগাযোগে সহায়ক হতে পারে।

চীনে যাওয়ার পর প্রথম দিকে ভাষার পার্থক্য, খাবার ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন রাকিব। অনুবাদের অ্যাপ ব্যবহার, প্রয়োজনীয় চীনা বাক্য অনুশীলন, উপযোগী খাবারের জায়গা খুঁজে নেওয়া এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক ব্যবহারের মাধ্যমে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।

মেহেদী হাসান ইমন
বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান ইমন চীনের ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় এ সুযোগ অর্জন করেন।

স্কলারশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা ও শিল্পে কাজের অভিজ্ঞতার পর উচ্চশিক্ষার মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানো এবং নতুন সুযোগ অনুসন্ধানের ইচ্ছা ছিল। স্কলারশিপ পাওয়ার খবরটি আমাকে আনন্দিত ও কৃতজ্ঞ করেছে। তাঁর মতে, এ সুযোগ একাডেমিক উন্নয়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছে।

নিজের আবেদনপ্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, প্রথমে উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপের শর্ত সম্পর্কে খোঁজ নেই। এরপর একাডেমিক কাগজপত্র, সিভি, স্টাডি প্ল্যান ও সুপারিশপত্র প্রস্তুত করে আইইএলটিএসসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করি। পরে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন জমা দেই এবং প্রয়োজনীয় মেডিকেল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করি।

বুটেক্সের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে ইমন বলেন, স্কলারশিপের মাধ্যিমে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য, স্নাতক পর্যায় থেকেই প্রস্তুতি শুরু করা, ভালো একাডেমিক ফলাফল বজায় রাখা এবং গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা জরুরি। পাশাপাশি নিজের সিভি শক্তিশালী করা, সুস্পষ্ট স্টাডি প্ল্যান তৈরি এবং সুপারিশপত্রের জন্য শিক্ষকদের সঙ্গে ভালো যোগাযোগ রাখা প্রয়োজন।

স্কলারশিপের শর্ত ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিজে বিস্তারিত খোঁজ নেওয়া এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে স্বপ্ন থেকে পিছিয়ে না যাওয়ার পরামর্শও দেন তিনি।

হাসান মাজহারুল হক
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী হাসান মাজহারুল হক চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের টাইপ বি ক্যাটাগরিতে ফুল-ফান্ডেড বৃত্তি পেয়েছেন। এ বৃত্তির আওতায় তাঁর টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতার সুবিধা রয়েছে।

স্কলারশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে হাসান বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন আমার অনেক দিনের। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রস্তুতি, অপেক্ষা ও নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে স্কলারশিপ পাওয়ার খবরটি আমার কাছে আনন্দ, আবেগ ও কৃতজ্ঞতার মুহূর্ত হয়ে আসে।

বুটেক্সে পড়ার সময় একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল তাঁর। ফাইবার কম্পোজিট, টেকসই উপকরণ, পুনর্ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও টেক্সটাইলের স্থায়িত্ব নিয়ে কাজের অভিজ্ঞতা তাঁর গবেষণার আগ্রহকে আরও স্পষ্ট করেছে। হাসানের মতে, গবেষণার এ অভিজ্ঞতা এবং নিজের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষার পরিকল্পনা তাঁর আবেদনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে। তবে স্কলারশিপ পাওয়ার পেছনে কোনো একটি বিষয়কে একমাত্র কারণ হিসেবে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি।

বুটেক্সের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে হাসান পরামর্শ দেন, একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণার দক্ষতা, ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। শুধু সার্টিফিকেট বা প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে শেখার মানসিকতা, গবেষণার মৌলিক দক্ষতা এবং নিজের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির ওপর গুরুত্ব দেয়া উচিত।

হাসানের মতে, বিদেশে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য সবার প্রোফাইল একই রকম হওয়া প্রয়োজন নেই। নিজের যোগ্যতা, আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করে ধারাবাহিকভাবে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন
বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর(মাস্টার্স) করছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের টাইপ বি ক্যাটাগরিতে এ সুযোগ পেয়েছেন।

স্কলারশিপ অর্জনকে নিজের ও পরিবারের জন্য আবেগ ও গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন শাওন। পরিবারের প্রথম সদস্য হিসেবে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সুযোগ পাওয়ায় শাওনের কাছে এ অর্জনের বিশেষ তাৎপর্য রয়েছে।

গবেষনা নিয়ে শাওন জানান, বুটেক্স ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমার গবেষণার প্রতি আগ্রহ তৈরি করে। গবেষণার সুযোগ এবং উন্নত ল্যাবে হাতে-কলমে কাজ করার আকাঙ্ক্ষা থেকেই চীনে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেই। শাওন জানান, উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অ্যারোজেলের মতো উন্নত উপাদান নিয়ে বিশ্বমানের গবেষণাগারে কাজের সুযোগ পেয়েছি।

বুটেক্সের যেসব শিক্ষার্থীর স্নাতক পর্যায়ে পর্যাপ্ত গবেষণা বা প্রকাশনার সুযোগ হয়নি, কিন্তু ভবিষ্যতে পিএইচডি করার আগ্রহ রয়েছে, তাঁদের জন্য সিএসসি স্কলারশিপকে সম্ভাবনাময় সুযোগ হিসেবে দেখছেন শাওন। তাঁর মতে, এ ধরনের বৃত্তি আন্তর্জাতিক গবেষণার অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সুযোগ করে দিতে পারে শিক্ষার্থীদের।

শাওন জানান, তাঁর ক্ষেত্রে চীনে আসার জন্য ভাষা পরীক্ষা বা চীনা ভাষা জানা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন ভাষা শেখা চ্যালেঞ্জিং মনে হলেও অন্য দেশের সংস্কৃতি, মানুষের মনস্তত্ত্ব ও গবেষণার পরিবেশ ভালোভাবে বুঝতে সে দেশের ভাষা শেখা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন শাওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *