ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ভর্তি কার্যক্রম ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৭ জুন দুপুর ২ টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গুচ্ছের ওয়েবসাইটে ৫ হাজার টাকা জমা দেয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এছাড়া ৮ জুন থেকে ১১ জুনের মধ্যে ( সকাল ১০ থেকে বিকাল ৩টা) গুচ্ছের ওয়েবসাইটে ৫ হাজার টাকা জমাদানের রসিদ এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র A4 সাইজের খামে জমা দিতে বলা হয়। জমা দেয়ার সময় খামের উপর আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর উল্লেখ করতে হবে। ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসে, ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আইন অনুষদের ডিন অফিসে ও ‘সি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র স্বশরীরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। পরে সমন্বয়কারীর স্বাক্ষরসহ কাগজপত্র জমাদানের রশিদ বুঝে নিতে বলা হয়েছে যা পরবর্তীতে মূল নম্বরপত্র উঠানোর সময় প্রয়োজন হবে বলে বলা হয়।
