বর্ষাজুড়ে চলবে বৃক্ষরোপণ: গাংনীতে কাম ফর হিউম্যানিটি’র পরিবেশ দিবস পালন
গাংনী প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)। এসময় সংগঠনটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ২০২৬’।
শুক্রবার (৫ জুন) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ এবং শহরের বিভিন্ন সড়কের রোড ডিভাইডারে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিএফএইচ’র ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মিলি আক্তার বর্ষা, মেহেরপুর জেলা ইউনিটের সমন্বয়ক মো. তুহিন, রায়হান রাফি, মিয়াজান আলী, আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে মিলি আক্তার বর্ষা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক বনায়নের লক্ষ্যে কাম ফর হিউম্যানিটি প্রতিবছর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বিশ্ব পরিবেশ দিবসে ‘গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য মেহেরপুর গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মামুন অর রশিদ বিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর দূরদর্শী পরিকল্পনা, পরিবেশবান্ধব চিন্তা ও মানবিক নেতৃত্বের কারণেই প্রতিবছর এমন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, এ কর্মসূচি শুধুমাত্র একদিনের নয়; পুরো বর্ষা মৌসুমজুড়ে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জেলার মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে ‘বৃক্ষবন্ধু প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “একটি গাছ শুধু ছায়া বা অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানাই।”
কর্মসূচি শেষে পরিবেশ রক্ষা ও সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা জানান, ‘গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ২০২৬’-এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
