নবনির্বাচিত রাষ্ট্রপতি ফখরুল ইসলামকে বাকৃবি উপাচার্যের অভিনন্দন
সুমন গাজী, বাকৃবি প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সোমবার (২৪ আগস্ট) উপাচার্যের স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তিনি রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও দেশপ্রেমের কারণে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া অত্যন্ত যুগোপযোগী ও গৌরবময়। আপনার আপসহীন পথচলা এবং রাজনৈতিক জীবনের ত্যাগ দীর্ঘ সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় ও শিক্ষণীয়।
উপাচার্য আশা প্রকাশ করে বলেন, মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের গণতন্ত্র সুসংহতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মেধাবী নেতৃত্বে দেশ সমৃদ্ধি ও অগ্রগতির পথে আরও বেগবান হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তায় অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬১ হাজার ৬৯৯ জন গ্র্যাজুয়েট দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি ক্ষেত্রের অভূতপূর্ব উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরও বলেন, নতুন আচার্যের সুদৃঢ় ও অভিভাবকসুলভ দিক-নির্দেশনায় ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রযুক্তিগত উদ্ভাবন ও কৃষি গবেষণায় ভবিষ্যতে আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে। পরিশেষে উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির মেয়াদের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে তার প্রতিটি পদক্ষেপের সফলতা প্রার্থনা করেন।
