জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা , অবসর ভেঙে দলে ডাক পেলেন ম্যানুয়েল নুয়্যার

Spread the love

স্পোর্টস ডেস্ক:

মানুয়াল নয়্যারকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানি। ৪০ বছর বয়সী এই গোলকিপার ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। তাঁকে শুধু দলেই ফেরানো হয়নি, কোচ ইউলিয়ান নাগলসমান তাঁকেই এক নম্বর গোলকিপার হিসেবে ঘোষণাও দিয়েছেন।

ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগলসমান। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে শুধু নয়্যারই থাকছেন এবারের আসরে। এক যুগ আগের সেই দলে থাকা মাটিয়াস গিন্টার আলোচনায় থাকলেও কোচ তাঁকে রাখেননি।

দল ঘোষণার সংবাদ সম্মেলনে নাগলসমান জানান, অবসর ভেঙে ফেরা নয়্যারই বিশ্বকাপে তাঁর প্রথম পছন্দ, ‘মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’গুরুত্ব ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও নয়্যার অবশ্য অধিনায়কত্ব পাচ্ছেন না। জার্মানিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ইয়োশুয়া কিমিখ। ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের সাবেক উইঙ্গার লিরয় সানেও দলে জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালাও।

এ ছাড়া আর্সেনালের হয়ে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা কাই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎস এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও বিশ্বকাপে যাচ্ছেন। বায়ার্নের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্লও প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছেন।গত কয়েক বছরে নিয়মিত খেলেছেন, এমন ফুটবলারদের মধ্যে নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখ বিশ্বকাপে জায়গা পাননি। এ ছাড়া চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন বায়ার্ন ফরোয়ার্ড সার্জ নাবরি ও বার্সেলোনা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

নাগলসমান বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার ছয় ঘণ্টা আগে থেকেই কিছু খেলোয়াড়ের নাম ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানানো শুরু করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *