মেট্রোলজির গুরুত্ব তুলে ধরলেন যবিপ্রবির আইপিই বিভাগের শিক্ষক ড. সাখাওয়াত হোসেন

Spread the love


মেট্রোলজির গুরুত্ব তুলে ধরলেন যবিপ্রবির আইপিই বিভাগের শিক্ষক ড. সাখাওয়াত হোসেন। বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৬ উপলক্ষে যশোরে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) জেলা প্রশাসন ও বিএসটিআই যশোরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এ আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল— “Metrology: Building Trust in Policy Making” (নীতি নির্ধারণে আস্থা তৈরিতে মেট্রোলজি)।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই যশোরের অফিস প্রধান প্রকৌশলী মো. আসলাম শেখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক ড. সাখাওয়াত হোসেন।
তিনি বক্তব্যে আধুনিক বিজ্ঞান, চিকিৎসা, স্যাটেলাইট প্রযুক্তি, জিপিএস ও ডিএনএ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে মেট্রোলজির গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। একইসঙ্গে গ্যালিলিও গ্যালিলির বিখ্যাত উক্তি— “Measure what is measurable, and make measurable what is not so” — উল্লেখ করে সঠিক পরিমাপের গুরুত্ব ব্যাখ্যা করেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, সঠিক পরিমাপ ও নির্ভরযোগ্য তথ্য রাষ্ট্রীয় নীতি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করে এবং জনগণের আস্থা বৃদ্ধি করে। এছাড়া ব্যবসা ও আন্তর্জাতিক বাণিজ্যে বিএসটিআই সনদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি দেশীয় ভোক্তাদের আস্থা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানিতেও সহায়ক ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *