মেধাস্বত্ব দিবস উপলক্ষে শাবিপ্রবিতে দিনব্যাপী কর্মশালা

Spread the love

মেধাস্বত্ব দিবস উপলক্ষে শাবিপ্রবিতে দিনব্যাপী কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে, ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘Strengthening Intellectual Property Rights Practices in Higher Education’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আইকিউএসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্ভাবনকে এগিয়ে নিতে মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। গবেষকদের উদ্ভাবনী ও মৌলিক কাজ যথাযথভাবে সংরক্ষণ করা গেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। এজন্য মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি বলে তিনি উল্লেখ করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, গবেষণাকে কার্যকর ও ফলপ্রসূ করতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। গবেষণায় আর্থিক সীমাবদ্ধতা থাকলে গবেষকরা অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলেন। তাই গবেষণার পথে থাকা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, গবেষণার স্বত্ব সংরক্ষণ করা সম্ভব হলে তা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি মেধাস্বত্ব রক্ষায় প্রশাসনিক ও আইনি কাঠামো যুগোপযোগী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।

দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা অংশ নেন। এছাড়া বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *