মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালি

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে এবার নতুন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হুমকির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরইমধ্যে হরমুজ প্রণালিতে ইরানি নৌযান ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে একের পর এক ইরানের হামলা। বাদ যায়নি বাহরাইন, সৌদি আরব, কাতারের মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল স্থাপনা। বাধ্য হয়ে কমাতে হয়েছে জ্বালানি তেল উত্তোলন। ইরানের হুমকিতে আটকে গেছে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল।

এরইমধ্যে মধ্যপ্রাচ্য থেকে ১ লিটার তেলও রপ্তানি করা যাবে না হুঁশিয়ারি দিয়েছে ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি। বর্তমান ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথ।

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে ‘নজিরবিহীন পরিণতির’ মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন হুঁশিয়ারি দেয়ার কিছু সময় পর ইরানি নৌযান লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ১০টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে। পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে। তাদের প্রকাশিত ওই ভিডিওটিতে ইরানি নৌযানগুলোকে উড়িয়ে দেওয়ার দৃশ্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *