
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গুণগত মান উন্নয়নের লক্ষ্যে “BAC Accreditation Criteria and Preparation of Evidence” শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC)-এর নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করে প্রমাণভিত্তিক কার্যক্রম পরিচালনা করলে শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, শুধুমাত্র নীতিমালা সম্পর্কে ধারণা থাকা যথেষ্ট নয়; বরং সঠিকভাবে তথ্য সংরক্ষণ, ডকুমেন্টেশন এবং প্রমাণ প্রস্তুত করার দক্ষতা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের বাস্তব দক্ষতা বৃদ্ধি করে এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক ও প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক।
এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, Program Self Assessment Committee (PSAC)-এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সেশনে BAC-এর অ্যাক্রেডিটেশন মানদণ্ড, প্রয়োজনীয় ডকুমেন্টেশন পদ্ধতি এবং প্রমাণ প্রস্তুতের কৌশলসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। আইকিউএসি’র পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তা অনুসরণে উৎসাহিত করে থাকে।
