চলছে ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

চলছে ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ইবি প্রতিনিধি

আজ রবিবার (১২ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ৩টি বিভাগ ও কলা অনুষদভুক্ত ১টি বিভাগের ভর্তি পরীক্ষা চলছে। পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী পরীক্ষা চলবে। এই ইউনিটে এবারে ৩৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২ হাজার ৩৯ জন আবেদন করেছেন। ইউনিটের অধীনে ৪টি বিভাগের মোট ৩৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রায় ৬ জন ভর্তিচ্ছু এবারের ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল ভবনে পরীক্ষার্থীদের জন্য আসনবিন্যাস করা হয়েছে।
‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, “ভর্তি পরীক্ষা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আবেদনকারীর সংখ্যা অনুযায়ী দুটি ভবনে আসনবিন্যাস করা হয়েছে। আশা করছি, আজকের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”
উল্লেখ্য, ডি ইউনিটের (ধর্মতত্ত্ব) অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগ তথা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। প্রতিবছর ইসলামী বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে ইউনিটটির ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *