ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইন পোর্টালের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান অনলাইন পোর্টালের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী। এছাড়াও সমাবর্তনের বিভিন্ন উপকমিটির আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন উপলক্ষে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল তৈরি করা হয়েছে। পোর্টালটি আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা https://convocation.iu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবে বলে জানানো হয়।

৫ম সমাবর্তনে মাস্টার্স ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং অনার্স ২০১২-১৩ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত আওতাভুক্ত হবেন। এছাড়া সান্ধ্যকালীন ডিগ্রি অর্জনকারীরাও সমাবর্তনে সনদ গ্রহণ করতে পারবে বলে জানানো হয়।
