কুবি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করায় তিনি বাংলাদেশের মানুষকে চিনতে পারছেন না, এমনকি তাদের ভাষাও বুঝতে পারছেন না বলে মনে হচ্ছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা তো চাই বেগম জিয়া যেভাবে বাংলাদেশের প্রশ্নে আপসহীন ছিলেন, জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন, আমরা তো তারেক রহমানকেও চিন্তা করেছিলাম যে উনিও এইভাবে এসে বাংলাদেশের মানুষের জন্য রাষ্ট্রক্ষমতার হাল ধরবেন।’
তিনি আরও বলেন, ‘কিন্তু তাঁর সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, উনি বাংলাদেশের এই মানুষগুলোকে গত ১৭ বছর লন্ডনে থাকবার কারণে চিনতে পারছেন না, তাদের ভাষাগুলো বুঝতে পারতেছেন না।’
তারেক রহমানের উদ্দেশে জাবের বলেন, ‘ভাষা বোঝেন বা না বোঝেন, চিনতে পারেন বা না পারেন, বাংলাদেশে যেহেতু আছেন, বাংলাদেশের মানুষকে নিয়েই আপনাকে রাজনীতি করতে হবে।’
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি করতে হলে দেশের মানুষের স্বার্থ ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। কোনো কারণে দিল্লির তাবেদারি করে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে তা বাংলাদেশে বসে সম্ভব নয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কোনো কারণে আপনার রাজনীতি দিল্লির তাবেদারি হয়, দিল্লির হাত ধরে আপনি বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে সেটা দিল্লিতে বসেই করতে হবে, বাংলাদেশে বসে করা যাবে না।’

বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর আপসহীন ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক।
উল্লেখ্য, শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। ৩১ দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
