নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক জাতীয় প্রতিযোগিতায় বাকৃবির তিন শিক্ষার্থীর সাফল্য

Spread the love

নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক জাতীয় প্রতিযোগিতায় বাকৃবির তিন শিক্ষার্থীর সাফল্য

সুমন গাজী, বাকৃবি প্রতিনিধি:

নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম হয়ে সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯৩ জনের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে সাতজন শিক্ষার্থী যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন। তাঁদের মধ্যে তিনজনই বাকৃবির শিক্ষার্থী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সম্প্রতি বিশ্ব ডিম দিবস ২০২৬ ও বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত জাতীয় পর্যায়ের সেমিনারে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)- এ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয়ী তিন শিক্ষার্থী হলেন- কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাশমিন ফেরদৌস, ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাজরিয়ান হালিম এবং কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুশফিকুর ইবনে জাহিদ। অন্য চার বিজয়ী হলেন আইইউবির উম্মে খাদিজা নূর, সিদরাতুল মুনতাহা ও মির্জা আনিকা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বাহারুন আক্তার বৃষ্টি।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ব ডিম দিবস ও বিশ্ব খাদ্য দিবস উদযাপনের অংশ হিসেবে এ জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। এতে নিরাপদ খাদ্য, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য ও খাদ্যের মাননিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রকাশ করা হয় একটি স্মরণিকা। সেমিনার ও কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল নিরাপদ খাদ্য, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইইউবি’র উপাচার্য ও উপ-উপাচার্য, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাকৃবি ভেটেরিনারি সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতিতে তাজরিয়ান হালিম বলেন, এ

আয়োজনে বিজয়ী হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করা আমাদের জন্য এক অসাধারণ প্রাপ্তি ও ভিন্ন মাত্রার আনন্দের বিষয়। এই স্বীকৃতি আমাদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *