শাবিপ্রবিতে শিবিরের সংবাদ সম্মেলন: নিয়মতান্ত্রিক সিট বণ্টন ও শাকসু নির্বাচনের দাবি

Spread the love

শাবিপ্রবিতে শিবিরের সংবাদ সম্মেলন: নিয়মতান্ত্রিক সিট বণ্টন ও শাকসু নির্বাচনের দাবি

শাবিপ্রবি প্রতিনিধি: প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ, আবাসিক হলে নিয়মতান্ত্রিকভাবে সিট বণ্টন, ক্যাম্পাসকেন্দ্রিক বিভিন্ন সমস্যা সমাধান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আবাসিক হলগুলোতে প্রশাসনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে সিট বণ্টন নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে হলের ফাঁকা সিটে দলীয় রেফারেন্সে শিক্ষার্থী তোলা বন্ধের আহ্বান জানানো হয়। এ সময় ছাত্রদল কর্তৃক ছাত্রশিবিরের নাম জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচারের নিন্দা জানানো হয়।

শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে ‘শাকসু’ নির্বাচন আয়োজনেরও দাবি জানায় ছাত্রশিবির। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য সময় না দিয়ে ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেওয়াকে ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত শাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। উন্নয়নকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অপরিকল্পিত কাজ বন্ধ করে নির্মাণকাজের মান নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রকল্পে মানহীন কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া আবাসিক হল ও ক্যাম্পাসে দুর্বল ওয়াই-ফাই সংযোগের সমাধান, খাবারের মান নিয়ন্ত্রণ, ক্যাম্পাসে চুরি-ছিনতাই প্রতিরোধ, বিশ্ববিদ্যালয়ের পরিবহনে শিক্ষার্থীদের হেনস্তা বন্ধে কঠোর পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ চিহ্নিত করে কার্যকর ও সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *