রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবি জাতীয় ছাত্রশক্তির নিন্দা

Spread the love

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবি জাতীয় ছাত্রশক্তির নিন্দা

শাবিপ্রবি প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের শোডাউনের ভিডিও ধারণের সময় সমকাল, দৈনিক আমাদের সময়, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

জাতীয় ছাত্রশক্তি বলছে, গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা শুধু তাদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও গুরুতর আঘাত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বলেও উল্লেখ করা হয়।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গনের অপরিহার্য শর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *