ক্লারিয়ন কল ও বিএনডিপির আয়োজনে আন্তঃস্কুল ডিবেট প্রিমিয়ার লীগ
মো শাহরিয়াজ আহম্মদ
জবি প্রতিনিধি
‘আমাদের চোখে জুলাই’ শিরোনামে ক্লারিয়ন কল ম্যাগাজিন ও বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল ডিবেট প্রিমিয়ার লীগ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সনের ১২টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রধান অতিথির বক্তব্যে লক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ওসমান গনি আজম খান বলেন,’ জুলাইয়ের চেতনাকে ও শিক্ষাকে ধারণ করা ও সে অনুসারে কাজ করা সকল শিক্ষার্থীর কর্তব্য। বিশেষ করে একটি বৈষম্যবিহীন সমাজ তৈরীতে অবদান রাখা। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিশীল চিন্তাভাবনা বিকশিত করার জন্য আরো বেশি বিতর্ক প্রতিযোগিতা প্রয়োজন। বিতর্কে কেউ কখনো হেরে যায় না বরং নতুন কিছু শেখা যায়।’
বিশেষ অতিথির বক্তব্যে উইজডম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মো. বদরুল হক বলেন, শিক্ষার্থীদের বিতর্কের প্রতি ভালোবাসা ও যুক্তিশীল ধারণা আগামীর বাংলাদেশকে গড়তে সাহায্য করবে।
আয়োজন সম্পর্কে বিএনডিপির সভাপতি মোঃ ফাহাদ হোসেন বলেন, ” বৃহত্তর ঢাকার বিভিন্ন ইংলিশ মিডিয়াম এবং ভার্সনের স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ২য় বারের আজকের এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিকাশে বিএনডিপি এমন আয়োজন অব্যাহত থাকবে।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার শিক্ষক লুৎফুর রহমান ভূঁইয়া, বিএনডিপির সভাপতি মো. ফাহাদ হোসেন, ক্লারিয়ন কলের এসিস্টান্ট এডিটর জাকারিয়া নিক্সন এবং ক্লারিয়ন কলের সাবেক এক্সিকিউটিভ এডিটর শাহেদ আকরাম মুসান্না।

এ ছাড়া আয়োজক, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহ আয়োজক হিসেবে যুক্ত ছিলো, যুব ও সামাজিক সংগঠন সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট।
