রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন; ৫১৭ গবেষণাপত্র থেকে নির্বাচিত ১৪৫টি
যশোর প্রতিনিধি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের গবেষক ও প্রতিনিধিদের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’ (5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৮ ও ১৯ সেপ্টেম্বর সরাসরি ও অনলাইন—দুই মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই রোবটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় আয়োজিত সম্মেলনে মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। কঠোর পর্যালোচনা ও বাছাই শেষে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। গবেষণাপত্র গ্রহণের হার প্রায় ২৮ শতাংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের সমন্বিত প্রয়োগ শিল্পকারখানা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা ও দৈনন্দিন জীবনকে পরিবর্তন করছে। প্রযুক্তির উন্নয়নকে মানবকল্যাণে কাজে লাগানোর পাশাপাশি এর নৈতিক, অন্তর্ভুক্তিমূলক ও সমাজের প্রয়োজনভিত্তিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হলো গবেষণা ও জ্ঞানকে মানুষের কল্যাণে কার্যকর উদ্ভাবনে রূপ দেওয়া। আন্তর্জাতিক এ সম্মেলন গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কি-নোট বক্তব্য দেন ক্যালিফোর্নিয়ার অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস ইনকর্পোরেটেডের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে এআই-চালিত অটোমেশন, প্রেডিক্টিভ মেইনটেইন্যান্স এবং উৎপাদন প্রক্রিয়ায় টুলের ডাউনটাইম কমানোর বিভিন্ন দিক তুলে ধরেন।
এ ছাড়া প্রযুক্তির নৈতিক ব্যবহার, ডেটা নিরাপত্তা এবং উন্নয়নশীল দেশগুলোতে সাশ্রয়ী ডিজিটাল প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, অর্গানাইজিং কো-চেয়ার অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া এবং টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার অধ্যাপক ড. শেখ মো. রবিউল ইসলাম বক্তব্য দেন।
বিএমই বিভাগের প্রভাষক আনিকা আঞ্জুম ও ইইই বিভাগের প্রভাষক জাহেদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন, আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন দেশীয় গবেষকদের সঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
