এআইপিই’র আয়োজনে বুটেক্সে শুরু আইপিই স্পোর্টস কার্নিভাল ৩.০
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এআইপিই) ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ‘আইপিই স্পোর্টস কার্নিভাল ৩.০’। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ কার্নিভালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৪৮তম থেকে ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলায় অংশগ্রহণ করবে। কার্নিভালে ছেলেদের জন্য আউটডোর ইভেন্ট হিসেবে ফুটবল ও ক্রিকেট এবং মেয়েদের জন্য ট্রেজার হান্ট আয়োজন করা হয়েছে। এছাড়া ইনডোর ইভেন্ট হিসেবে অনলাইন গেম ই-ফুটবলও থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বুটেক্সের আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আলী এবং ফ্যাকাল্টি মেম্বার মো: ইমরান হোসেন, আদ্রি দাস উপস্থিত ছিলেন। এ ছাড়া অ্যালামনাই হিসেবে উপস্থিত ছিলেন এআইপিইর সাবেক প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসাইন, মাহফুজুল হাসান অভি, এ আর আরাফ ও অয়ন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আলী কার্নিভালের আয়োজকদের প্রশংসা করে বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ সময় তিনি ক্লাবের প্রেসিডেন্ট রিয়াশাদ আমিম রিশাদ এবং জিএস বুলবুল হাসনাতকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
এআইপিইর সাবেক প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসাইন ৪৮তম থেকে ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “উদ্বোধনে এসে আমি বেশ খুশি। সামনে আরও প্রোগ্রাম করতে হবে। এই প্যানেল থেকে আমি সর্বোচ্চটা দেখতে চাই।”

উদ্বোধনের পর কার্নিভালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ৫১তম ও ৫২তম ব্যাচ। দুই ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষার্থীরাও আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন। আয়োজকদের প্রত্যাশা, আইপিই স্পোর্টস কার্নিভাল ৩.০ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও দলগত চেতনা আরও শক্তিশালী করার পাশাপাশি পড়াশোনার বাইরে খেলাধুলার চর্চায় উৎসাহিত করবে।
