বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণ করবে শিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন
মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা।
আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৮টায় রংপুরের কামাল কাছনা এলাকার গুঞ্জন মোড়ে অবস্থিত রূপকথা থিম পার্ক ও কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নিবন্ধিত শিক্ষার্থীদের সকালের খাবারের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।
নিবন্ধিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য উপহার হিসেবে আল-কুরআন, ব্যাগ, কলম, চাবির রিং ও বই দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। পাশাপাশি নিবন্ধিত শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থাও থাকবে।
অনুষ্ঠানটি ক্যাম্পাসের বাইরে আয়োজনের কারণ সম্পর্কে বেরোবি শিবির সভাপতি মুরাদ হোসেন বলেন, ‘নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যেই ক্যাম্পাসের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে জায়গার সংকট রয়েছে এবং নিজস্ব কোনো অডিটোরিয়ামও নেই। এ ছাড়া বাইরে অনুষ্ঠান আয়োজন করলে আবহাওয়াজনিত ঝুঁকি থাকে। বড় আয়োজনের মধ্যে বৃষ্টি হলে অনুষ্ঠান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হতে পারে। এসব বিষয় বিবেচনা করেই রূপকথা থিম পার্কে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ক্যারিয়ার গাইডলাইন সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত থাকবেন জানিয়ে মুরাদ হোসেন বলেন, ‘ক্যারিয়ার গাইডলাইন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া অন্যান্য অতিথির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নবীন শিক্ষার্থীদের জন্য উপহারের বিষয়ে তিনি বলেন, ‘অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের জন্য কোরআন মাজীদ, চাবির রিংসহ বিভিন্ন উপহার থাকবে। বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে তাদের জন্য আলাদা উপহারের ব্যবস্থাও থাকবে।’
তিনি আরও জানান, নারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব নবীন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানে অংশ নিতে নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

