বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন আলম, মেজবাউল হক মিজু, মো. নুরনবী হোসেন, মো. শামীম রেজা, দানিয়েল ইবনে আহম্মদ, মো. মিরাজ উদ্দীন, রাকিবুল হোসেন সেতু, আহ্বায়ক সদস্য বাদশাহ আলমগীর, রাকিবুল ইসলাম, সানাউল্লাহ শেখ, সাকলাইন হোসেন সাকিবসহ বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে উৎপাদনমুখী রাজনীতির যে সূচনা হয়েছিল, তাঁর উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় তা আরও বেগবান হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি একটি ক্ষুদ্র প্রয়াস।
তিনি বলেন, বাকৃবি ছাত্রদল শুধু ছাত্ররাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়; সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংকটেও সংগঠনটি ভূমিকা রাখছে। পরিবেশ বিপর্যয় বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জ। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছি।
শাহীন আলম আরও বলেন, সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শিক্ষাঙ্গন গড়ে তুলতে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা এবং তারেক রহমানের নির্দেশিত সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখা সম্ভব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তাঁদের দায়িত্ব আরও বেশি।
তিনি বলেন, একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতেও ভূমিকা রাখে। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করছি। দেশের পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা করতে হবে।
তিনি আরও বলেন, দেশের যেসব পতিত ও খালি জায়গা রয়েছে, সেখানে পরিবেশ ও স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

