শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলামকে উপ-উপাচার্য এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হককে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষর করেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে তাঁদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তাঁরা নিজ নিজ মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে তাঁদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁদের নিয়োগ বাতিল করতে পারবেন।
নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলাম এর আগে শাবিপ্রবির সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের দায়িত্বে ছিলেন।
নিয়োগের পর অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, রাষ্ট্রপতি তাঁকে বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য তিনি রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
এর আগে শাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। অন্যদিকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। নতুন নিয়োগের মাধ্যমে অধ্যাপক ড. রবিউল ইসলাম ও অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক যথাক্রমে তাঁদের স্থলাভিষিক্ত হয়েছেন।
অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ১৯ সেপ্টেম্বর ২০২৪ সালে শাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর নির্ধারিত চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কোষাধ্যক্ষ পদে পরিবর্তন এসেছে।
ফলে শাবিপ্রবির প্রশাসনের গুরুত্বপূর্ণ দুটি পদ—উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ—একসঙ্গে নতুন নেতৃত্বের অধীনে যাচ্ছে।

