ইবির ‘মীর মুগ্ধ সরোবর’ যেন ময়লার ভাগাড়

Spread the love

ইবির ‘মীর মুগ্ধ সরোবর’ যেন ময়লার ভাগাড়

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম নান্দনিক স্থান ‘মীর মুগ্ধ সরোবর’ অবহেলায় ময়লার স্তপে পরণত হয়েছে। ইবির ‘হাতিরঝিল’ খ্যাত এই সরোবর ছিল শিক্ষার্থী আর বহিরাগত দর্শনার্থীদের আড্ডা আর বিনোদনের প্রাণকেন্দ্র। কিন্তু সাম্প্রতিক সময়ে অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে লেকটি।

সরেজমিনে দেখা যায়, সরোবরের চারপাশে জমে গেছে ঝোপঝাড় ও ময়লা আবর্জনা। পাশেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়, যেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সরোবরে নেই পানি প্রবাহ, কচুরিপানা আর শেওলায় ঢেকে গেছে পুরো লেক। তাছাড়া আশেপাশের কৃষকদের পাট ও কলা গাছের স্তুপ আকারে জমে থাকতে দেখা গেছে লেকের ড্রেনগুলোতে- যার কারণে পানি চলাচল করতে না পেরে তৈরি হয়েছে মশার আস্তানা। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম-উত্তরে অবস্থিত সরোবরটির পাশেই রয়েছে মেডিকেল সেন্টার, প্রকৌশল ভবন ও আইআইইআর ভবন। লেকের সাথেই গড়ে উঠছে নতুন একাডেমিক ভবন।

একসময় নিয়মিত পানি প্রবাহ আর অতিথি পাখির উপস্থিতিতে মুগ্ধ হতো শিক্ষার্থী-দর্শনার্থীরা। এখন কচুরিপানা, শেওলা, চরম দুর্গন্ধে পরিণত হয়েছে স্থানটি।

শিক্ষার্থীদের অভিযোগ, ময়লার স্তুপ আর পচা কচুরিপানা ও দুর্গন্ধ পানির কারণে লেকে বসার পরিবেশ নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান আলাউদ্দিন আলাল বলেন, এখন এসব পরিষ্কার করা সম্ভব হবে না। সেখানে প্রচুর কচুরিপানা জমেছে। পরিষ্কার করতে প্রায় দুই লাখ টাকা লাগবে। গতবার এ কাজ করতে প্রায় দেড় থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হয়েছিল। পরিষ্কার করার পর ১ লক্ষ টাকার মাছ ছাড়া হলেও কেমিক্যালের কারণে মাছগুলো মারা যায়। তবে, আগামীকাল সরেজমিনে দেখে আমরা এ বিষয়ে ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *